বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের দায়ে সিরাজুল ইসলাম প্রকাশ সুজন (২৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।

দন্ডিত আসামী সুজন নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গবাজার এলাকার মো.ইখতিয়ার উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক আছে।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিনা আক্তার জানান, ধর্ষিতা তরুণীর সঙ্গে সুজনের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালে সুজন তাকে বিয়ে করবে বলে একটি ভূয়া স্ট্যাম্পে স্বাক্ষর করে এবং স্ট্যাম্পটি তরুণীকে দিয়ে বিশ্বাস স্থাপন করে।

এরপর ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে ওই তরুণীকে ফিরিঙ্গিবাজার এলাকায় ডা.রফিকুল ইসলামের চেম্বারের পেছনে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সুজন ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় তরুণী বাদি হয়ে ওই বছরের ৯ অক্টোবর নগরীর কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বুধবার আদালত এ রায় দেন।

রায়ে উল্লিখিত অর্থদণ্ডের টাকা জেলা কালেক্টরকে সংগ্রহ করে ভিকটিমের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কেএইচ