পাহাড়িদের প্রাণের উৎসব বৈসাবি। আগামী ১০ এপ্রিল থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে এ উৎসব। ‘আদিবাসী জুম্ম সংস্কৃতি বিকাশে ও ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন’ হবে এবারের বৈসাবির মূল মন্ত্র।
বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, সাইক্রান, বিহু উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার জানিয়েছেন, ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও স্বাতন্ত্র্যপূর্র্ণ ঐতিহ্যের ধারক বাহক আদিবাসী জুম্মদের উৎসব উদ্যাপিত হবে। এ উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১০ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় রাঙামাটি পৌরসভা চত্বরে বৈসাবি উৎসবের উদ্বোধন ও র্যালি। এর উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
প্রধান অতিথি সংসদ সদস্য ঊষাতন তালুকদার ছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, প্রাক্তন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান।
১০ এপ্রিল বিকাল ৩ টায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে আদিবাসী জুম্মখেলা, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে বয়োজ্যেষ্ঠদের সম্মাননা অনুষ্ঠান,বিকাল ৫টায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১২ এপ্রিল রোববার ভোর সাড়ে ৬ টায় রাজবন বিহার ঘাটে অনুষ্ঠিত হবে পানিতে ফুল ভাসানো অনুষ্ঠান, বিকেল ৩টায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বলিখেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উৎসব উদ্যাপন কমিটি উৎসবকে অর্থবহ, আনন্দময় ও সৃষ্টিশীলতায় পরিপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেছে।
এমকে





