লক্ষ্মীপুরে হত্যা ও ডাকাতিসহ ৩৭ মামলার পলাতক আসামি নাছির বাহিনীর প্রধান নাছির র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার দিনগত গভীররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় কথিত এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে।
নিহত নাছির চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, সোমবার দিনগত গভীর রাতে ভবানীগঞ্জ এলাকায় নাছির বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় র্যাবের নিয়মিত টহলদল কমলনগরে যাচ্ছিল। র্যাব ওই এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে নাছির গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে আহত নাছিরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এলজি ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নাছির পুলিশের তালিকাভুক্ত লক্ষ্মীপুরের শীর্ঘ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৫টি হত্যাসহ ৩৭টি মামলা রয়েছে।
এমকে





