মানিকগঞ্জ জেলা কারাগারে গোলাপ মল্লিক (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ দাবি করেছে।
জেলাখানার হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। গোলাপ মল্লিক জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের ফুলচান মল্লিকের ছেলে।
পুলিশ, কারাকর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে এক নারী মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারের পর দুই মাস ধরে তিনি কারাগারে ছিলেন। মঙ্গলবার রাত ১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, গোলাপ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান— প্রাথমিকভাবে এ ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার লাশ গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার চরজামালপুর গ্রামে নিয়ে গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেএইচ





