চলতি বছর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামীকাল শনিবার। এ ধাপে দেশের ২০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তৃতীয় ধাপের নির্বাচনের জন্য শুক্রবার সব ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়া হবে। এ ধাপে ১৪টি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন ৬২০ ইউপিতে, বিএনপির প্রার্থী রয়েছেন ৫৩৯ ইউপিতে। এর মধ্যে আওয়ামী লীগের ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউপি ছাড়া আরও ৫৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব নির্বাচনী এলাকায় ২১-২৪ এপ্রিল পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তথা পুলিশ, র্যা ব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ফোর্স মাঠে থাকবে। যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেসব এলাকায় ১৭-২০ জনের ফোর্স মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

এম আর