রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মাহিম (১০) ও নুরুদ্দিন (৪৫) নামে দু’জন নিহত হয়েছে।
জানা গেছে, পুরান ঢাকার নবাবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিমের মৃত্যু হয়েছে। তার পিতার নাম বাদশা মিয়া। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মাহিম তার বাবা-মায়ের সঙ্গে পুরান ঢাকার নবাবপুরে মানসী সিনেমা হল সংলগ্ন এলাকার এক বাসায় থাকতো। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা বাদশা মিয়া জানান, মাহিম দুপুরে তার নানীর বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে যায়। এ সময় সেখানে ঝুলন্ত বিদ্যুতের তারের স্পর্শে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মিরপুরের কাজীপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার পিতার নাম মৃত দবির উদ্দিন। তিনি ময়মনসিংহ এলাকার বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আলাল উদ্দিন জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





