চলতি বছরের জানুয়ারি মাসেই দেশে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আরও ৮৩৪ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩৯ জন শিশু ও ৮১ জন নারী রয়েছেন। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সংস্থাটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশের ৭টি জাতীয় দৈনিক, ৪টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় ১২২ জন পথচারী নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে বাসযাত্রী-৩৩, প্রাইভেটকার ও মাইক্রোযাত্রী-২৮, ট্রাক ও পিক-আপ ভ্যান যাত্রী-২৪, থ্রি-হুইলার যাত্রী-১০৬ জন। যাবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২৯ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৫৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩১৭ জন।

এতে আরও বলা হয়েছে, এর মধ্যে আঞ্চলিক সড়কে ১৮৪টি এবং মহাসড়কে ১৫৬টি দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় দায়ী যানবাহনের সংখ্যা ৪৬৯টি। বাস-৭০, ট্রাক ও পিক-আপ-৯৭, কাভার্ড ভ্যান-১৬, লরি ও ট্রাক্টর-২৩, কার ও মাইক্রোবাস-৩৩, মোটরসাইকেল-৮৯, বাইসাইকেল-১৬, নসিমন-করিমন-আলমসাধু-মাহেন্দ্র-৮৭, সিএনজি-ইজিবাইক-৩৩, টমটম-২, পাওয়ার টিলার-১, ট্রলি-১, পুলিশ জিপ-১। এছাড়া, ১১টি রেল দুর্ঘটনায় ৯ জন এবং ৮টি নৌ-দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে।

এমবি