রাজধানীতে বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।

রাজধানীর যে সব এলাকায় বাসে আগুন দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এলাকা:

যাত্রাবাড়ী:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাদ্দাম মার্কেটের সামনে গোধূলি পরিবহনের একটি আগুন দেওয়ার পর তাড়াহুড়ো করে যাত্রীরা বাস নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শনিবার সন্ধ্যা পর তারা এ বাসে আগুন দেয় বলে জানা যায়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা।

মালিবাগ:

মালিবাগ চৌধুরীপাড়ায় আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা

খিলগাঁও:

রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ সংলগ্ন রাস্তায় তরঙ্গ পরিবহণের একটি বাসে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন দেয় দুর্বৃত্তরা

শাহবাগ:

রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বেলাল এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়ে নিজেরাই ‘আগুন আগুন’ বলে চিৎকার করে বাস থেকে নেমে যায়।

মিরপুর,মতিঝিল ও বিজয়নগর: 

রাজধানীর মিরপুর, মতিঝিল ও বিজয়নগরে পৃথক তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১২ টার মধ্যে এসব জায়গায় বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

তেজগাঁও:

রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে শনিবার সকালে গাবতলীগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে দগ্ধ হয়েছেন এক যাত্রী। তার নাম অমূল্য বর্মণ (৪৫)। তার বাবার নাম পশু বর্মণ, বাড়ি নারায়ণগঞ্জে।

তেজগাঁও থানার পরিদর্শক খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ অমূল্য বর্মণকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ওই দগ্ধ যাত্রীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ যাত্রীর সাথে অপর এক আরোহী অনিল চন্দ্র জানান, বাড়ি যাওয়ার উদ্দেশে তারা উভয়ে গাবতলীগামী ৮ নম্বর বাসে উঠে। বাসটি তেজগাঁও মহিলা কলেজের সামনে আসলে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফার্মগেট:

অবরোধের পঞ্চম দিনে দুর্বৃত্তরা ফার্মগেটে একটি বাসে আগুন দিয়েছে। তাৎক্ষাণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

মগবাজার:

রাজধানীর মগবাজারে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারের চালক আবুল কালাম (২৬) গুরুতর আহত হয়েছেন। তার শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে।

একই সময়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের দুই যাত্রী দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি চালক আবুল কালাম বলেন, গাড়িতে বসে গান শুনছিলাম।

এসময় অজ্ঞাত কেউ তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এর মধ্যে একটি গাড়ির ভেতরে আসে। এতে গাড়িতে আগুন ধরে যায় ও আমি দগ্ধ হই।

মোহাম্মদপুর:

রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হাফেজ মিজানুর রহমান (৩০) ও আবদুল গফুর (৩২) নামে দুই যাত্রী দগ্ধ হন।

কামরাঙ্গীর চরের পশ্চিম নবীনগরের আল হোসেনিয়া জামে মসজিদের খাদেম মিজানুর রহমান এবং গফুর একই মসজিদের মোয়াজ্জেন।

মিজানুর ও গফুর জানান, মসজিদের ইমাম রুহুল আমিনকে গাবতলীতে বাসে তুলে দিয়ে তারা ফিরছিলেন। পথে মোহাম্মদপুর বেড়িবাঁধ কবরস্থান সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আরো ৬/৭ জন যাত্রী ছিল।

এতে মিজানুর রহমানের দুই হাত ও দুই পা এবং গফুরের দুই পা ও এক হাত পুড়ে গেছে।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাড্ডা:

রাজধানীর মধ্য বাড্ডায় এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক লেগুনাটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।

কাকরাইল:

রাজধানীর কাকরাইলে পিকাআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় ফার্মগেট গ্রিনরোডে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে কাকরাইল একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

অপরদিকে, ফার্মগেট এলাকার গ্রিনরোডে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসএইচ