আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ আজ বৃহস্পতিবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে অব্যাহত রয়েছে।

ভোরের আলো ফুটতেই ঘাটে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যানবাহন।

বিজিবির চেকপোস্ট এবং পুলিশের কড়াকড়ির পরও বিভিন্নভাবে ঘাটে আসছে মানুষ। যাত্রীদের ঘাটে আসতে নিরুৎসাহিত করা হলেও কিছুই শুনছে না তারা। স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে ঘাট এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। কিন্তু, যাত্রীরা তা আমলে নিচ্ছেন না। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, অনেক যাত্রীর মুখে মাস্কও নেই।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো: শাফায়েত আহমেদ বলেন, “সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে, সেটা গতকালের তুলনায় কিছুটা কম। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে।” বর্তমানে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে বলে জানান তিনি।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন জানান, ঘাট এলাকায় বর্তমানে ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি।

এমবি