গণশুনানী চলা অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর বিদ্যুতের দাম বৃদ্ধির পক্ষে দেওয়া বক্তব্য গণশুনানী মূল্যহীন হয়ে যায় বলে মন্তব্য করেছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। গণশুনানীর নামে নাটক বন্ধ করতেও আহ্বান জানান তিনি।

রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের নিচে বুধবার দুপুরে সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগের বিরুদ্ধে সিপিবি-বাসদের অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

এ সময় টিসিবি ভবনের উপরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাখরাবাদ গ্যাস কোম্পানির গ্যাসের মূল্যবৃদ্ধির ওপর গণশুনানী চলছিল।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার এবং কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের পকেট ভারি করতে চাচ্ছে।’

এ সময় গ্যাস উন্নয়ন তহবিলের টাকা তছরুপের অভিযোগ করেন তিনি।

অবস্থান কর্মসূচিতে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, আহসান হাবিব লাবলু মিয়া, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন বক্তব্য রাখেন।

এএইচ