পাবনার চাটমোহরে দেশী মদ পান করে ডোমিনিক গমেজ (৪৫) ও বিপ্লব রোজারিও (২৬) নামের দুজনের মৃত্যু হয়েছে। বাবলু গমেজ (৩৮) নামের একজন অন্ধ হয়ে গেছেন।

মঙ্গলবার রাতে তারা মদপান করেছিলেন বলে তাদের পারিববারিক সূত্রে জানা গেছে। ডোমিনিক গমেজ বুধবার ভোরবেলায় তার বাড়িতেই মারা যান। বিপ্লব ও বাবলু গমেজেকে বুধবার সকালে চাটমোহর হেল্থ কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে এদিন বিকাল ৪টায় তাদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিপ্লব রোজরিও মারা গেছেন বলে তার আত্মীয় কলিট তালুকদার পাবনা থেকে জানান। তিনি আরও জানান, অসুস্থ বাবলু গমেজ চোখে দেখতে পারছে না। তাই তাকে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে নেয়া হচ্ছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া মিশন (খৃষ্টানপল্লি) গেট এলাকার মৃত মাইকেল গমেজের ছেলে মৃত ডোমিনিক। আর বিপ্লব এর বাবার নাম পরিমল রোজারিও ও অন্ধ হয়ে যাওয়া বাবলু গমেজের বাবার নাম আন্তনি গমেজ।

এলাকাবাসী জানান, এরা তিনজন মঙ্গলবার রাত ১১টার দিকে ডোমিনিকের বাড়িতে বসে দেশী মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। ডোমিনিক ভোর ৪টার দিকে মারা যায়। আর বিপ্লব ও বাবলুকে সকাল ৭টার দিকে স্থানীয় হেল্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক সবিজুর রহমান জানান, তাদের পাকস্থলি ওয়াস করেও অবস্থার উন্নতি না হওয়ায় বিকালে পাবনা হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, মদ পয়েজনিং হয়ে এ ঘটনা ঘটেছে। থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ভাবে চোলাই মদ (চুয়ানী) তৈরি হয় আসছে দীর্ঘদিন যাবত।

কেএইচ