নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দুপুর ১২টা নাগাদ ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে।  

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

প্রিজাইডিং অফিসারের বরাতে তারা বলছেন, দুপুরের আগে বেশিরভাগ ভোট কেন্দ্রেই ৩০ শতাংশের বেশি ভোট গ্রহণ হয়েছে। দুপুরের আগে ভোটকেন্দ্রগুলো নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে কিছুটা খালি কেন্দ্রগুলো। তবে বিকালে ভোটারের চাপ বাড়বে বলে মনে করেন প্রিজাইডিং অফিসাররা।

ভোটারদের সঙ্গে কথা বলেও জানা গেছে, তারা অনেকে দ্রুত ভোট দিয়ে কাজে যাবেন। আবার তাদের অনেকে পরিচিতজন কাজ সেরে ভোট দিতে আসবেন।

নারায়ণগঞ্জ ক্লাবের ১ম কেন্দ্রে (৯৬ নং) গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সেখানকার প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আলম চান জানান, সেই কেন্দ্রে মোট ভোটার ২৯৫৩ জন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ৩৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

একই ক্লাবের দ্বিতীয় ভোটকেন্দ্রেও (৯৫ নং) দেখা গেছে একই চিত্র। প্রিজাইডিং অফিসার মৃত্যুঞ্জয় জানান, সেখানে ৩০ শতাংশ ভোটার ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

পাঠানতুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪১১ ভোটারের মধ্যে ৪৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। শেষ পর্যন্ত এখানে ৮৫ শাতাংশ ভোটগ্রহণ হবে বলে ধারণা করছেন প্রিজাইডিং অফিসার কামরুল হাসান উজ্জল।

এমই