চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে দুই কৃষক ও এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আজ (২৪ নভেম্বর) রোববার সকালে বোয়ালখালী উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা।

জানা গেছে, গতকাল (২৩ নভেম্বর) শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বাচ্চাসহ ৯টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল বায়তুল জামে মসজিদের সুপারি বাগানে অবস্থান নেয়। রোববার সকালে দুভাগে বিভক্ত হয়ে একদল কধুরখীল -চরণদ্বীপের দিকে যায়, অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যায়।

কধুরখীল ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে কধুরখীল এলাকায় শস্যক্ষেতে কাজ করার সময় আবদুল লতিফ মিস্ত্রির ছেলে আবু তাহের মিস্ত্রি (৬০) হাতি আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে পূর্ব সৈয়দনগরে হাতির আক্রমণে মারা গেছেন চরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন(৬৫)।

তিনি চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগর জাকের মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

তার মেয়ে ফাহমিনা আফরোজ তারিন জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল তার বাবাকে (জাকের মাস্টার) আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাতির পালটি পাহাড়ের দিকে যাওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ(৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতির আক্রমণে আবদুল মাবুদের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলী আহমদের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। হাতিগুলো দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সবার সহযোগিতা কামনা করছেন।

এমবি