বাংলাদেশী বিজ্ঞানীদের পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচনের আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে বলে সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি জানান, সোনালি আঁশ খ্যাত পাটের তিনটি জিনোম কোড পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাটের গবেষণায় উৎসাহিত করেছেন খোদ প্রধানমন্ত্রী। এর ফলে পাটে এসেছে যুগান্তকারী সাফল্য। পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে। আমেরিকায় অবস্থিত এনসিবিআই (ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন) কর্তৃক তিনটি জিনোমের কোড নম্বর পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ২০১০ সালে তরুণ একদল বিজ্ঞানীকে নিয়ে তোষা পাটের জিন নকশা উন্মোচন করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। এরপর দেশী পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন হয়। জিনোম হলো প্রাণী বা উদ্ভিদের জেনেটিক বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা।
একই আলোচনায় মতিয়া চৌধুরী বলেন, বিএনপি সাংবিধানিক গণতন্ত্র চায় না। দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্রকে ব্যাহত করাই বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্য। খালেদা জিয়া ১০ বার জন্ম নিলেও একটি হাতিরঝিল করতে পারবেন না।
তিনি বলেন, একটি দানবীয় লক্ষ্য নিয়ে বিএনপি দিনের পর দিন সারা দেশে অগ্নিসন্ত্রাস চালিয়েছে। শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করতেও দ্বিধা করেনি। এসব কর্মকাণ্ড প্রতিহত করে শেখ হাসিনা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করছেন। এখন আমরা একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
আলোচনায় অংশ নেন- বিএম মোজাম্মেল হক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, সিরাজুল ইসলাম মোল্লা, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, রেবেকা মমিন, ছলিম উদ্দিন তরফদার ও জাসদের নাজমুল হক প্রধান।
ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন স্থগিত করা হয়। এর পেছনে কলকাঠি নাড়েন ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা অবিচল থেকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছেন। পাঁচটি বছর কোনো ভাড়া না দিয়ে গ্রামীণ ব্যাংকের বাড়ি ব্যবহার করেছেন ড. ইউনূস।
জাসদের নাজমুল হক প্রধান বলেন, বর্তমান সরকার উন্নয়ন-সফলতা দিয়ে দেশের চেহারাই পাল্টে দিয়েছে। কিন্তু সাঁওতালদের ওপর যখন হামলা হয়, সংখ্যালঘুরা নির্যাতিত হয়, তখন দুঃখ লাগে। তিনি জিয়াউর রহমানকে ‘খুনি’ আখ্যায়িত করেন। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করেছেন। অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন।
জেড





