বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্র-গুলিসহ জেএমবির সক্রিয় সদস্য আব্দুল মমিনকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক আব্দুল মমিন উপজেলার কামারপাড়া মধ্যপাড়া এলাকার মৃত মোজাহার আলী মণ্ডলের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান এসব তথ্য জানান।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কামারপাড়া মধ্যপাড়া এলাকায় জেএমবির সক্রিয় সদস্য আব্দুল মমিনের বাড়িতে বেশ কয়েকজন জেএমবি সদস্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মমিনকে আটক করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক একে ২২ বোর রাইফেল, একে ২২ বোর রাইফেলের ৩টি ম্যাগজিন, একে ২২ বোর রাইফেলের ২৮ রাউন্ড তাজা গুলি, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও ২৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আব্দুল জলিল, মনিরা সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রমুখ।
ওএফ





