চট্রগ্রামের পটিয়ায় পণ্যবাহী একটি ট্রাক উল্টে মোটরসাইকেলের উপর পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ১০টা ৩০ মিনিটে পটিয়া সদরের আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই।
নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা হলেন- পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে ডাক্তার শাহজাহান (৪২) ও একই ওয়ার্ডের কাজীপাড়া এলাকার জহির আহম্মদের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
জানা গেছে, আরজু ও তাঁর দুলাভাই সোমবার রাতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি আমজুরহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি ট্রাকের ধাক্কায় শ্যালক ও দুলাভাই রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান।
এলাকার লোকজন এসে তাঁদের পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পটিয়া থানার এসআই আকতার হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর থেকে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পটিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’
এএস





