রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের এক নম্বর সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ অবস্থায় প্রকৌশলীর স্ত্রী ও তার চার বছরের শিশু সন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- প্রকৌশলী শেখ নাসির উল ইসলামের স্ত্রী তাছমিম বিনতে আজিজ এবং তাদের চার বছরের শিশু সন্তান শেখ নাসির উল আল তানজিম। পরে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

প্রকৌশলী নাসিরুল জানান, বাসার ভেতরে স্টোর রুম আছে। সেখান থেকে প্রায় সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতেই দগ্ধ মা ও তার সন্তানকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।