ঢাকা থেকে ঝিনাইদহের দুই ছাত্র ইবনুল ইসলাম পারভেজ ও আনিসুর রহমানকে গ্রেপ্তারের পর অস্বীকার ও আদালতে হাজির না করায় উদ্ধেগ প্রকাশ এবং অনতিবিলম্বে তার সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার।

শনিবার দুপুরে ঝিনাইদহের এক রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সন্তানদের সন্ধান দাবি করে পারভেজের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১৬ই জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে ইবনুল ইসলাম পারভেজ, এনামুল হক, আনিসুর রহমানকে সাদা পোষাকধারী পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আমরা বার বার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের সন্তানদের সন্ধানের জন্য দারস্থ হই। কিন্তু তারা বিষয়টি এড়িয়ে গিয়ে গ্রেপ্তারের কথা অস্বীকার করে। তার মধ্যে গত ২১জুন এনামুলকে মিডিয়ার সামনে হাজির করে পুলিশ। কিন্তু একই সাথে গ্রেপ্তার হওয়া আমাদের দুই সন্তান ইবনুল ইসলাম পারভেজ ও আনিসুর রহমানকে এখনো আদালতে হাজির করেনি।

তিনি বলেন, আমরা বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছি আমাদের সন্তানদের মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য নির্মম নির্যাতন করা হচ্ছে। নিরপরাধ ছাত্রদের গ্রেপ্তার প্রক্রিয়া, অস্বীকার ও নির্যাতন সবই প্রচলিত আইনে বেআইনি। এমনকি উচ্চ আদালতের নির্দেশেরও সুষ্পষ্ট লঙ্ঘন। কিন্তু পরিতাপের বিষয় স্বয়ং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি কর্মকাণ্ডের ভুক্তভোগী হচ্ছি আমাদের নিরপরাধ সন্তান ও আমরা।

জাহাঙ্গীর বলেন, যেখানে গ্রেপ্তারের ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তাকৃত ব্যক্তির স্বজনদের জানানোর জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে সেখানে তাদের গ্রেপ্তারের পর ৯ দিন পেরিয়ে গেলেও তাদের আদালতে হাজির না করায় আমারা দারুন ভাবে উদ্বিগ্ন। আমরা এখন সন্তানদের জীবন নিয়ে শঙ্কিত। কেননা সম্প্রতি ঝিনাইদহে এভাবে গ্রেপ্তারের পর অস্বীকার করে অনেক মেধাবী ছাত্রকে পরিকল্পিত ভাবে রাতের আধাঁরে হত্যা করেছে পুলিশ। আবারো ঝিনাইদহের ছাত্রদের টার্গেট করে গ্রেপ্তার ও তা অস্বীকার করছে। যা আমাদের শঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে।

 

তিনি বলেন, আর সবার মত আমরাও এদেশের নাগরিক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল আইনি সুবিদা গ্রহণ করার অধিকার আমাদের আছে। সুতরাং একজন নাগরিক হিসেবে আমরা আশা করব পুলিশ সদস্যবৃন্দও তাদের পবিত্র দায়িত্বেও প্রতি শ্রদ্ধা দেখাবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের সন্তানের নিরাপত্তা দাবি করছি।

তিনি আরো বলেন, শুধু রাজনৈতিক অবস্থানের কারণে যেন তাদের সরকারের অত্যাচারের মুখে পড়তে না হয়। আমরা একই সাথে জাতীয় মানবাধিকার সংস্থা, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের সন্তানদের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

তারা অবিলম্বে ছেলেদের সন্ধান ও আদালতে সোপর্দ করার দাবি জানিয়ে বলেন, সন্তানদের এই দুরবস্থার কারণে পবিত্র রমজান মাসেও আমরা স্বাভাবিক ভাবে ধর্ম-কর্ম পালন করতে পারছিনা। তাদের নিয়ে প্রতিমুহূর্ত আমাদের শঙ্কায় থাকতে হচ্ছে। দয়া করে আমাদের আদরের সন্তানদের আমাদের বুকে ফিরিয়ে দিন। বাবা-মায়েদের আকুতি পদদলিত করার মত অমানবিক কাজ আপনারা করবেন না।

তারা তাদের ছেলেদের সন্ধানের জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমআইএস