চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সাথে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. মারুফ হাসান কর্তৃক বাংলা ট্রিবিউন, বাংলা নিউজ ২৪.কম, দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, সুপ্রভাত বাংলাদেশ সহ কতিপয় গণমাধ্যমে দেয়া উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ, সেক্রেটারী নাজিব আহসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তানজিম উদ্দিন ও সেক্রেটারী মুহাম্মদ রায়হান।

যৌথ প্রতিবাদ বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির দেশের প্রচলিত আইন মেনে এদেশের হাজারো ছাত্রের মাঝে ইসলামের সুমহান শিক্ষা পৌঁছিয়ে দিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গঠন করতে সহায়তা করে আসছে।

শিবির দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কোন কার্যক্রম কখনো পরিচালনা করেনি এবং এ ধরণের ঘৃণ্য কমকার্ন্ডে বিশ্বাস করে না যা ইতিপূর্বে সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ ব্যাপারে শিবিরের অবস্থান স্পষ্ট করেছে।

এরপরও আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার পর তাদের সাথে কুরআন, হাদিস ও বিভিন্ন ইসলামী সাহিত্য বিছিয়ে দিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়ে দেশবাসীর কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে।

নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সাথে ছাত্রশিবিরের কোন রকম দূরতম সম্পর্ক নেই। তাছাড়া শিবিরের কোন নেতা কর্মী এ ধরণের ধ্বংসাত্মক, আইন বর্হিভুত ও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত সংগঠনের সঙ্গে জড়িত নয়।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে নগরীর বাসা-বাড়ী, মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল সমূহে তল্লাশী চালানোর নামে নিরপরাধ শিক্ষার্থীদের আটক এবং তাদের সাথে থাকা পাঠ্যবই ও ধর্মীয় পুস্তকগুলোকে জিহাদী বই আখ্যা দিয়ে প্রতিটি শিক্ষার্থীর মনে ভীতি তৈরি করছে ও ধর্মীয় ভাব ধারায় অভ্যস্ত মানুষের মনে ভয় সৃষ্টি করছে।

জনগণের মৌলিক অধিকার হরণকারী অবৈধ আওয়ামী প্রশাসনের মনগড়া বানোয়াট বুলি দিয়ে এদেশের জনগণকে ধোঁকা দিতেই আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য নিজের কৃতিত্ব জাহির করতেই কতিপয় দলান্ধ গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে জঘণ্য ভিত্তিহীন ও অরুচিকর কাল্পনিক নাটকের মঞ্চায়ন করে চলেছে। যা একজন দায়িত্বশীল, বিবেকবান ও সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়।

নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, ছাত্রশিবির কখনো জঙ্গিবাদকে বিশ্বাস করে না। দেশের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে ইসলামী ছাত্রশিবির তার গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে।

আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় উচ্চাবিলাসী অসৎ কর্মকর্তা ও দলকানা গণমাধ্যম কর্মীরা ঘটনা সংশ্লিষ্ট কোন বিশ্লেষণ না করেই দায়সারা ভাবে তা ছাত্রশিবির’র উপর চাপিয়ে দিচ্ছে।

ক্ষমতালোভী আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুন্ঠিত করে নিজেদের আখের গোছাতেই নিজ দলের ভেতরে জঙ্গিদের আশ্রয় দিলেও তাদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর ঘৃণ্য চক্রান্ত দেশ বিরোধী ভয়ংকর ষড়যন্ত্রেরই অংশ।

শিবির নেতৃবৃন্দ কোন ধরণের বইগুলো জঙ্গিবাদ উস্কে দেয় তা সুনির্দিষ্ট না করার আগে কুরআন, হাদীস সহ সব ধরণের বই সম্পর্কে জিহাদী/জঙ্গিবাদী বই হিসেবে পরিচিত না করার আহবান জানিয়ে ঘটনার সাথে অপরাজনীতি কিংবা শিবিরকে না জড়িয়ে বরং প্রকৃত ঘটনার আসল রহস্য উন্মোচন করে সংশ্লিষ্ট গণমাধ্যম গুলোকে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে বলেন।

এসএম