মক্কায় হজযাত্রী পরিবহণে সৃষ্ট জটিলতা নিরসনে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইটকে হজ ফ্লাইট হিসেবে ঘোষণা দিয়েছে সরকার।
আজ বুধবার আন্ত-মন্ত্রণালয় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘আর কোন উপায় নেই।’ এসব হজ ফ্লাইটগুলো চলবে ২৬ আগস্ট পর্যন্ত। সব মিলিয়ে ১ লাখ ২৭ হাজার হজযাত্রীকে মক্কায় পবিত্র হজ পালন করতে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এ পর্যন্ত যাত্রীসঙ্কটের কারণে ১২টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে একসপ্তাহ ধরে মক্কায় যাওয়ার প্রস্তুতি নেয়া হজযাত্রীরা অপেক্ষমান রয়েছেন।
আজ সকাল ৯ টা পর্যন্ত মোট ২৯ হাজার ৫৩৯ জন হজযাত্রীকে সৌদি আরব নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ১৪,১০০ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে গেছেন। বাকিরা গেছেন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে।
মন্ত্রী মেনন আরও জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- সৌদি কর্তৃপক্ষের কাছে বিমানের জন্য বরাদ্দ হজফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হবে। বর্তমানে ১৭৬টি ফ্লাইট পরিচালনার অনুমতি রয়েছে বিমানের।
এমবি





