চুয়াডাঙ্গা শহরের রেল স্টেশন রোডে হোটেল ব্যবসায়ী রাসেল (৩২) কে কুপিয়ে গুরুতর আহত করেছে কয়েকজন যুবক।
মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাসেল শহরের ফার্ম পাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাসেল রেলস্টেশন রোডস্থ নিজ হোটেলে বসে ছিল। এ সময় ওসমান ও মিঠুনসহ ৭-৮ জন বখাটে যুবক হোটেলে প্রবেশ করে বয়ের কাছে খাবার চায়।
খাবার খাওয়ার পর টাকা না দিয়ে চলে যাওয়ার সময় রাসেল টাকা চায়। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেরা রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এল ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





