মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিভাজন করছে বলে অভিযোগ করছে জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার এক মানববন্ধনে এ অভিযোগ করেছে সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি নিজামুদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধারা দশহাজার কিংবা এক লক্ষ টাকার ভাতার প্রত্যাশা করে না, তারা চায় মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে যাক। কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আজ আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, এবারের বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু আসলে ভাতা বৃদ্ধি করা হয়েছে ৬৫ বছরের উর্ধ্বের মুক্তিযোদ্ধাদের। আমরা চাই ভাতা সকল মুক্তিযোদ্ধাদের জন্য বৃদ্ধি করা হোক।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের স্বার্থরক্ষায় গঠন করা হয়েছে। কিন্তু সেখানে যদি মুক্তিযোদ্ধাদের চেতনার প্রতিফলন না ঘটে তবে তা দু:খজনক।

প্রসঙ্গত, এর আগে মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা ছিল। চলতি বাজেটে ভাতা দ্বিগুন করে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে তা কেবল ৬৫ বছর উর্ধ্বের মুক্তিযোদ্ধাদের জন্য করা হয়েছে বলে দাবি জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব এডভোকেট একেএম শামসুজ্জামান শানু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সিকদার, প্রচার সম্পাদক সামসুদ্দিন সামু।

এমএ/এমকে