স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজ খবর রাখছেন। তার চিকিৎসার প্রয়োজনে যা যা দরকার, তার সবই দেওয়া হবে। এখন রোগী অনেকাংশে ভালো আছেন।

আজ (০৬ সেপ্টেম্বর) রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে সংবাদিকদের তিনি এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বললো। আমার কাছে মনে হয়েছে উনি এখন অনেক ভালো অবস্থায় আছেন। ডাক্তাররা বলেছেন ফিজিক্যাল থেরাপি দিলে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। রোগী এখন যে পর্যায়ে আছে, তাতে দেশের বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমবি