অবৈধভাবে সরকারি জায়গায় দোতলা টং বাড়ি তৈরি করা এবং পরে সেই বাড়ি দেবে গিয়ে ১২ জন নিহতসহ আরও হতাহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন চৌধুরীর নামে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করার জন্য অভিযানও পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিএমপির রামপুরা থানার এস.আই আবদুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলা নং-১৯।

মতিঝিল জোনের এসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল এই দোতলা টিনের ঘরটি। সেখানে ছিল ২৪টি কক্ষ। প্রায় ৩০ ফুট লম্বা বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হয় এই ঘরে।

বুধবার বিকাল ৩টার দিকে ঝিলের ওপর নির্মিত দোতলা টিনশেড ঘরটি দেবে গিয়ে একই পরিবারের ৩ জনসহ ১২ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও অন্তত ২০ থেকে ৩০ জন।

নিহতরা হলেন, আখের রস বিক্রেতা বরগুনার নিজাম (৪৭), তার স্ত্রী কল্পনা বেগম (৪২), ছেলে সবুজের বউ রোকসানা (২২), রিকশাচালক মিজানুর রহমান (৩০), স্থানীয় মুদি দোকানদার বরিশালের হারুণ অর রশিদ (৫৬), খলিলুর রহমানের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৪), ঝালকাঠীর মাসুদের স্ত্রী সাজিদা (১৯), ফারজানা (৯), রুনা (১৪), জোস্না বেগম (৪০) বাড়িটির ম্যানেজারের ছেলে জাকির (৩০)।

এআই/কেএইচ