বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, ৫ বছর পরপর নির্বাচনী সহিংসতার বৃত্ত থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার দেশের সংবাদপত্রগুলোতে কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ডিক্যাব) সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সভায় রবার্ট গিবসন বলেন, বাংলাদেশের সব দলকে মিলিতভাবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। ৫ বছর পরপর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সহিংসতা হয় তার দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে হবে।
৫ জানুয়ারির নির্বাচনে অধিকাংশ মানুষ ভোট দিতে না পারায় তিনি হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি ওই নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ব্যাপারে হতাশা প্রকাশ করেন তিনি।
তবে আগামী নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখন এই নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আগাম কিছু বলতে চান না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আপাতত ব্রিটিশ সরকারের নেই বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি র‌্যাব ও পুলিশ সহ অন্যান্য আইন শৃ্ঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ারও কোনো পরিকল্পনা ব্রিটেনের নেই বলে জানান তিনি।
‘পশ্চিমারা তাদের গণতন্ত্র বাংলাদেশে চাপিয়ে দিতে চায়’ সম্প্রতি রাশিয়া ও চীনের এমন বক্তব্যের জবাবে রবার্ট গিবসন বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করাই গণতান্ত্রিক শাসন। এটা কমনওয়েলথের ভাবধারা। রাশিয়া ও চীন কমনওয়েলথের সদস্য না। কিন্তু বাংলাদেশ কমনওয়েলথের সদস্য। তাই কমনওয়েলথের সদস্য হিসেবে ব্রিটেন এ ব্যাপারে কথা বলতে পারে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]