স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি বলেছেন, জনগনের কাঙ্খিত সেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম প্রদান করে পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আধুনিক পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে।

তিনি শুক্রবার রাতে পঞ্চগড়ের বোদায় নব নির্মিত বোদা থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গীদের বাংলার মাটিতে কোন স্থান নেই। যে কোন মূল্যে তাদের তৎপরতা রোধ করা হবে।

এসময় স্থানিয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এই থানা ভবন নির্মাণ করা হয়।

এর আগে মন্ত্রী ২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বোদা থানা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ভজনপুর হাইওয়ে থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এসএইচ