কুমিল্লার মেঘনায় ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১১টার দিকে মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাব মিয়া জানান, আলমগীর হোসেনের অভাবের সংসার। আলমগীরের বাবা অন্ধ, তিনি ভিক্ষা করেন। সংসারের অভাব অনটনকে কেন্দ্র করে তাদের পরিবারের মঙ্গলবার রাতে ঝগড়া হয়। বুধবারে অভিমান করে আলমগীরের স্ত্রী তার দুই সন্তানকে কীটনাশক খাওয়ায় এবং নিজেও খায়।

মেঘনা থানার ওসি এ কে এম মহসীন খান জানান, আলমগীর হোসেনের সঙ্গে তার স্ত্রী রেখা আক্তার (২৭) এর দীর্ঘদিন দাম্পত্য কলহ চলে আসছিল। সকালে পল্লি বাইকচালক আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে গেলে স্ত্রী রেখা আক্তার, তার মেয়ে সুমাইয়া (৮) ও ছেলে ইমনকে(৫) বিষ খাইয়ে হত্যার পরে নিজেও বিষপানে আত্মহত্যা করেন।

পুলিশ অলমগীরকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

জেএ