মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অন্য মামলায় গ্রেফতার হওয়া এ মামলার অন্য একজন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

একই মামলার ওই ছয় আসামির মধ্যে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মো. রঞ্জু মিয়া। তাকে প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য ৫ আসামি হচ্ছেন- আব্দুল জব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী বেপারি ও আজগর হোসেন খান।

রোববার (২৯ মে) ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও অন্যজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান প্রসিকিউটর ঋষিকেশ সাহা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

গাইবান্ধার দুই গ্রামের বাসিন্দা ওই ছয়জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের দু্'টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে বলে জানান প্রসিকিউটর। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আটক রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ওএফ