ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমীন আক্তার (২০)।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পশ্চিম পাইকপাড়ার লোকনাথ দিঘীর পাড়স্থ সেবা ক্লিনিকে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
ক্লিনিকের মালিক বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন মঙ্গলবার সেবা ক্লিনিকে প্রসূতি হিসেবে ভর্তি হয়। আল্ট্রাসনোগ্রাফিতে তিন সন্তান ধরা পড়লেও তার চার সন্তানের জন্ম দেন।
গাইনী চিকিৎসক ডাঃ খালেদা আক্তারের তত্ত্বাবধানে নর্মাল ডেলিভারিতে একসাথে চার সন্তানের জন্ম দেন শারমীন।
ডাঃ খালেদা আক্তার বলেন, শারমীন এই প্রথম মা হয়েছেন। নর্মাল ডেলিভারিতে একইসাথে চার সন্তান বিরল ঘটনা। মা ও ৪ সন্তান সুস্থ আছে। তবে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইআর





