শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ডাবলু ওরফে ডালু শেখ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত ও ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
নিহত ডাবলু রাজাপুর গ্রামের জামাল শেখের ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে শহীদ নামে এক ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন দুই ভাগে বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্ব দেন রাজাপুর গ্রামের ৮ নং-ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফি মোল্যা, কৃষকলীগ নেতা হবিবর রহমান ও খালেক।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় হবিবরের সমর্থকেরা চাঁদ আলীর সমর্থক বাদশার ওপর চড়াও হয়ে তার বাড়িতে হামলা চালায়। এরপর বাদশা ও তার লোকজন হবিবর ও খালেকের সমর্থকদের ৫/৬ টি বাড়িঘরে ভাংচুর করে। এই ঘটনার জের ধরে আজ রবিবার ভোর সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় চাঁদ আলী গ্রুপের সমর্থকেরা প্রতিপক্ষ হবিবর গ্রুপের সমর্থক ডাবলু ওরফে ডালুকে কুপিয়ে হত্যা করে।
হত্যাকাণ্ডের পরপরই হবিবর গ্রুপের লোকজন একজোট হয়ে প্রতিপক্ষ চাঁদ আলী গ্রুপের দাউদ, হাসেম, বাদশা, মন্টু, ওবায়দুল্লাহ ও শহিদসহ ২৫টি বাড়িঘরে হামলা চালায়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার একেএম এহ্সানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমআর





