লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের হস্তক্ষেপে সোমবার গ্রাম্য মাতব্বরদের হাত থেকে শ্রীরামপুর ইউনিয়নের বানিয়াডাঙ্গী এলাকার এক অন্ত:সত্ত্বা বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) উদ্ধার হয়েছে।

একইসঙ্গে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর পরিবারকেও স্থানীয় মাতব্বরদের জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাতব্বরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বানিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান (৫০) এবং সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল লতিফ (৪৮)।

উদ্ধারের পর শারীরিক দুর্বলতার কারণে পাটগ্রাম থানার ওসি নিজ দায়িত্বে মেয়েটিকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

পাটগ্রাম থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বানিয়াডাঙ্গী বটতলী এলাকার বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে প্রতিবেশি মৃত ফজলে রহমানের ছেলে বাবুল হোসেন চাকাতি (৩৯) বেশ কয়েকমাস আগে ধর্ষণ করে। মেয়েটি এখন ছয় মাসের অন্ত:সত্ত্বা। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা গত ১০ আগস্ট দুলাখ টাকায় শালিস মীমাংসা করে দেন। এরপর স্থানীয় প্রভাবশালীদের দ্বারা পরিবারটি একপ্রকার জিম্মি হয়ে পড়ে।

খবর ফাঁস হলে পাটগ্রাম থানার অফিসরা ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাতব্বরদের জিম্মি দশা থেকে ওই কিশোরী ও তার পরিবারকে উদ্ধার করেন।

পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. প্রণব কুমার দাস বলেন, ‘শারীরিক পরীক্ষায় মেয়েটি প্রায় ২৫ সপ্তাহের গর্ভবতী হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে জরুরী উন্নত প্রসূতি চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন।’

পাটগ্রাম উপজেলার বানিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান রতন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রমজান মাস ও ঈদের ছুটির কারণে প্রায় দেড় মাস স্কুল বন্ধ ছিল। এ কারণে বিষয়টি আমি জানতে পারিনি। স্কুল খোলার পরে বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। শুনেছি সোমবার পুলিশ ব্যবস্থা নিয়েছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুজ্জামান বলেন, ‘মাতব্বর ইলিয়াস হোসেনের বাড়িতে বসে কতিপয় ব্যক্তি দুলাখ টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসা করে দেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসআই এমরানসহ ফোর্স পাঠিয়ে জিম্মিদশা থেকে ওই কিশোরীসহ তার পরিবারটিকে উদ্ধার করা হয়।’

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই