নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৯টার দিকে সপ্তম তলার একটি কক্ষে আগুন লেগেছে বলে কয়েকজন শ্রমিক চিৎকার করে উঠেন।

এ সময় পুরো কারখানায় শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসেন।

এ সময় আলেয়া বেগম, আয়েশা বেগম, সোহেল মিয়া, আরমান মিয়া, ওমর আলীসহ কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সেলিম মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে একটি শব্দ হলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা আগুনের ঘটনা ঘটেনি। শ্রমিকরা ফের কাজে যোগদান করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ধরনের সংবাদ পেয়ে পোশাক কারখানা এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ