বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নানসহ জোড়া খুনের ঘটনায় স্তম্ভিত যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।

ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ঘটনার তদন্তে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মান্নান ও তনয়ের হত্যাকাণ্ডকে 'কাণ্ডজ্ঞানহীন সহিংসতা' হিসেবে বর্ণনা করেছেন। নিহত দু'জনের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী মান্নানকে একজন বিশ্বস্ত সহকর্মী, সবার প্রিয় বন্ধু এবং মানবাধিকার ও মর্যাদার প্রবক্তা হিসেবে অভিহিত করেছেন জন কেরি।

তিনি বলেন, যারা সহিষ্ণুতা, শান্তি ও মানুষে মানুষে বৈচিত্র্যকে রক্ষা করে চলেন, মান্নান ছিলেন তাদেরই প্রতীক।

হত্যার তদন্ত ও বিচারকাজে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে যারা সহিষ্ণুতা ও মানবাধিকার সমুন্নত রাখায় নিবেদিত, তাদের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত থাকবে।

দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাসংস্থা ইউএসএআইডির কর্মকর্তা ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি তার বন্ধু মাহবুব তনয়সহ কলাবাগানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

এমবি