জেলার লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত স্থানীয় যুবলীগ নেতা পলাশ মোল্যা (৩৫) শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত পলাশ শালনগর ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি শিয়েরবর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পলাশ মোল্যা একই গ্রামের মোহাম্মদ মোল্যার কাছে জমি নিয়ে শালিসী বৈঠকে ধার্য করা জরিমানার ১৫ হাজার টাকা চাইতে যান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোহাম্মদ মোল্যা ও তার সঙ্গী টোকন মোল্যাসহ ৫-৭ জন লাঠি-সোটা নিয়ে পলাশের ওপর হামলা চালায়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা পলাশকে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরীঘাটে পৌঁছালে তার মৃত্যু হয়।
শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লাবু মোল্যা জানান, ৬ শতক জমি নিয়ে একই বংশের পলাশ মোল্যা ও মোহাম্মদ মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই মাস আগে পলাশদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় মোহাম্মদ মোল্যার লোকজন।
হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যস্থতায় শালিসের মাধ্যমে মোহাম্মদ মোল্যাকে দোষী সাব্যস্ত ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময়ে ৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। বাকি ১৫ হাজার টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, পলাশ মোল্যার ওপর হামলার ঘটনায় গত ২৫ মার্চ তার চাচা বাদি হয়ে আটজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ওই মামলাকে এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
এএইচ





