আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রুমায় রাতের আঁধারে সাবেক কার্বারী (পাড়াপ্রধান) কেঅংপ্রু মারমার (৬৫) এবং তার বড় ছেলে মংএচিং মারমাকে (৩২) খুন করেছে সন্ত্রাসীরা।

এসময় গুলিবিদ্ধ হয়েছেন ছোট ছেলে মংপ্রু মারমাও। শুক্রবার রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দূর্গম উজানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে উজানীপাড়া সাবেক কার্বারীর বাড়িতে হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা পুরাতন কার্বারী কেঅংপ্রু মারমাকে গুলি করে এবং পালানোর সময় বড় ছেলে মংএচিং মারমাকে (৩২) ছুড়িকাঘাত করে হত্যা করে

এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ছোট ছেলে মংপ্রু মারমা (২৩)। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় পাইন্দু ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বোমাং সার্কেলের কার্বারী (পাড়াপ্রধান) পদটি নিয়ে পুরাতন কার্বারী নিহত কেঅংপ্রু এবং বর্তমান নতুন কার্বারী মংরেঅং পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে জানান স্থানীয়রা।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং বলেন, পাইন্দু ইউনিয়ন সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে উজানীপাড়ায় সন্ত্রাসী হামলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে ছোট ছেলে মংপ্রু মারমাও গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতদের পরিবারের দাবি, নতুনপাড়া কার্বারী মংরেঅং এর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে। এ দ্বন্দ্বের জেরেই তাদের হত্যা করা হয়েছে।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড। বাবা-ছেলে দুজনের লাশ এবং আহত অবস্থায় ছোট ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতবছর আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে স্থানীয় এক স্কুলশিক্ষককেও এখানে হত্যা করা হয়েছিল।

এমআর