নোয়াখালীর সোনাইমুড়ীতে রিসেন্ড ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেড নামের একটি হাউজ ডেভোলেপমেন্ট প্রতিষ্ঠান গ্রাহকদের ২১ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এঘটনায় এক গ্রাহক ভাড়াটিয়া লোক দিয়ে আবু হানিফ নামের কোম্পানীর এক পরিচালককে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ অপহরণকারীসহ ওই পরিচালককে উদ্ধার করে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সোনাইমুড়ী গ্রামের তানভীর, সোহাগ, সুজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রিসেন্ড ইন্টারন্যাশানাল কোম্পানী লিমিটেড সোনাইমুড়ী বাজারের আজাদ সুপার মার্কেটের ৩য় ভবনে তাদের একটি শাখা অফিস চালু করে। গত ৫ বছরে কোম্পানীতে ৩’শ ৪১ জন গ্রাহক স্ট্যাম্পের মাধ্যমে নিবন্ধন হয়। প্রতিটি গ্রাহক ১লাখ টাকায় প্রতি মাসে ২ হাজার টাকা করে লাভ পেত। এ কোম্পানীর ৭জন পরিচালক ছিল। যাদের মধ্যে কয়েকজন ছিল সোনাইমুড়ীর স্থানীয় ও বিভিন্ন পেশার।
শনিবার বিকেলে তাদের ঢাকার উত্তরার অফিসটি গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে গেছে এমন সংবাদে স্থানীয় গ্রাহকরা সোনাইমুড়ী বাজারে তাদের কার্যালয় ঘেরাও করে ও পরিচালক আবু হানিফকে আটক করে রাখে। এসময় সাইফুল ইসলাম নামের কোম্পানীর ৪০ লাখ টাকার একজন গ্রাহক সু-কৌশলে আটককৃতদের দিয়ে পরিচালক আবু হানিফকে অপহরণ করে নিয়ে যায়।
পরে বিষয়টি আবু হানিফের ভাই থানায় জানালে রোববার ভোরে পুলিশ সোনাইমুড়ী উপজেলার বারোগাঁও ইউনিয়নের মোকুল্লা গ্রামের হাজী বাড়ীতে অভিযান চালিয়ে আবু হানিফকে উদ্ধার করে। এসময় সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানভীর, সোহাগ ও সূজনকে আটক করে।
কোম্পানীর পরিচালক আবু হানিফ জানান, কোম্পানীর ৭ জন পরিচালকের মধ্যে ছগির আহম্মেদ আমেরিকায়, জাহাঙ্গীর আলম বিদেশে, কছি মিয়া কুমিল্লায়, আমিন উদ্দিন সিদ্দিক বিদেশে, বাবুল হোসেন মিয়া ও রাশেদা আক্তার একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। আর কোম্পানীটি গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়নি।
তিনি আরো জানান, কোম্পানীর প্রধান পরিচালক ছগির আহম্মেদ মিয়া চীন সফরে গিয়েছেন তবে এখন শুনছি তিনি আমেরিকায় রয়েছেন।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রিসেন্ড ইন্টারন্যাশানাল কোম্পানী লিমিটেডর কর্মকর্তা আবু হানিফসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে একাধিক গ্রাহক থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন কোম্পানীটি তাদের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএইচ





