রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সকাল পৌনে ১০টার আগে তিনি বারিধারায় দূতাবাসে পৌঁছে এ কমপ্লেক্স উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাসে পৌঁছানোর পর মোদি প্রথমে একটি বকুলের চারা রোপণ করেন। এরপর দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ সরকারকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি। অ্যাম্বুলেন্সটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

অ্যাম্বুলেন্স প্রদানের পর মোদি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

বারিধারা থেকে সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁও হোটেলে ফিরবেন মোদি। হোটেলে প্রায় দেড় ঘণ্টা বিশ্রাম নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ফের হোটেলে ফিরে আসবেন। হোটেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আজ রাত সাড়ে ৮টায় মোদি ঢাকা ত্যাগ করবেন।

ইআর