নাড়ির টানে বাড়িফেরা শুরু হতে না হতেই সাভার ও আশুলিয়ার মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
দশ থেকে বিশ মিনিটের সড়ক পাড় হতে কয়েক ঘণ্টার যানজটে আটকা পড়ে থাকতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার সন্ধ্যার পর থেকেই সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকা ঘরমুখো মানুষরা বাড়ি ফেরার জন্য বিভিন্ন মহসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে।
বিভিন্ন বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর বাস থামিয়ে যাত্রী উঠানামা করার কারণে সৃষ্টি হতে শুরু করে যানজট। রাত আটটার পর থেকেই এসব যানজট বিশাল আকার ধারণ করে।
আশুলিয়ার বাজার এলাকা থেকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল ও বাইপাইল থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় রয়েছে তীব্র যানজট।
এদিকে, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও নয়ারহাট এলাকায় আরো ১৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঘরমুখো মানুষদের পোহাতে হচ্চে চরম ভোগান্তী।
ঢাকা থেকে ছেড়ে আসা টি আর পরিবহনের কালাম, আকরামসহ কয়েকজন যাত্রী অভিযোগ করে জানান, তারা সন্ধ্যার পর থেকে বগুড়া যাওয়ার জন্য গাড়িতে উঠেন। রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার বাজার এলাকায় পৌঁছানোর পর থেকেই যানজটের কবলে পড়েন।
টানা দুই ঘণ্টায় তারা আশুলিয়া বাজার থেকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের মাত্র ৫ কিলোমিটার অতিক্রম করে জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় যানজটে আটকা পড়ে আছেন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি ছানোয়ার হোসেন জানান, মহাসড়কের উপর বাস থামিয়ে যাত্রী উঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুত যানজট নিরসন হয়ে যাবে বলে তিনি আশা করেন।
এআই/





