গাজীপুরে কাশিমপুরের একটি পোল্ট্রি হ্যাচারিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন শ্রমিক।

মৃতরা হলেন- ইমরান হোসেন (২০) ও সোহাগ (২৪)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর শৈলডুবি এলাকার বিশ্বাস পোল্ট্রির প্রতিষ্ঠান ফ্রেস চিকস লিমিটেডের কয়েকশ’ শ্রমিক মঙ্গলবার সন্ধ্যায় টিনসেড ভবনের পানির ট্যাঙ্কি স্থানাস্তর করছিলেন। এ সময় কয়েকজন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। ঘটনার সময় পাশে থাকা অন্যরা তাদের ছাড়াতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে পাশের আশুলিয়ার জামগড়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ইমরান হোসেন ও সোহাগকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বাস পোল্ট্রির ব্যবস্থাপক (প্রশাসন) জাহিদ হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মধ্যে ১৪ জনকে গুরুতর অবস্থায় জামগড়া এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এম এ