ফরিদপুর-রাজবাড়ী রেল চালুর মধ্য দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। বুধবার বিকালে ফরিদপুর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে এই রেল চালুর ঘোষণা দেন তিনি।

ফরিদপুর স্টেশন বাজার এলাকায় রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর-পাঁচুরিয়া-পুকুরিয়া সেকশন পুনঃচালুকরণ ও পুকুরিয়া-ভাংগা সেকশন নির্মাণ পূর্বক ট্রাম করিডোরের সঙ্গে সংযোগ স্থাপনই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে বাংলাদেশ রেলওয়ের পোড়াদহ-গোয়ালন্দঘাট মেইনলাইন নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে শাখা লাইন হিসেবে পাঁচুরিয়া-ফরিদপুর সেকশন নির্মাণ পূর্বক ১৮৯৮ সালে ট্রেন চলাচল শুরু হয়। নির্মাণের পর দীর্ঘদিন সংস্কারের অভাবে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যাত্রী মালামাল পরিবহনের জন্য উপযোগী হওয়া সত্ত্বেও নজর না দেওয়ায় নব্বই দশকে চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে ব্যাপক পরিকল্পানা হাতে নেয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার পাঁচুরিয়া-রাজবাড়ী-ভাংগা সেকশন রেললাইন পুনর্নির্মাণের মাধ্যমে চালু করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সুবিধার কথা ভেবে বিশাল অর্থের বিনিময়ে তার নির্বাচনী ওয়াদা রেল চালুর ঘোষণা বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীতেও এ কাজ অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন- খুলনা-মংলা, কুলাউরা-কুমিল্লা রেল প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে দুই লাখ পাঁচশ কৌটি টাকার বাজেট ঘোষণা করেছে।

রেল সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন- ফরিদপুর–রাজবাড়ী যে রেল চালু হলো আজ থেকে তার নাম হবে মুজিবুল হক এক্সপ্রেস।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই