রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় বন্দুকধারী জঙ্গিদের নাম এবং ছবি প্রকাশ করেছে পুলিশ। একই সঙ্গে নিহত বন্দুকধারীদের হত্যা পরবর্তী ছবিও প্রকাশ হয়েছে।

শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, নিহত পাঁচ হামলাকারী হলো- আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন।

এদিকে রাতে হামলাকারী পাঁচজনের ছবি প্রকাশ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ থেকে প্রকাশিত পাঁচ ব্যক্তির বিষয়ে বলা হয়েছে, এরাই গুলশানে রেস্তোরাঁয় হামলা করেছে। যে পাঁচজনের ছবি প্রকাশ করা হয়েছে, তারা সবাই বিদেশি নাগরিক বলেও দাবি করা হয়েছে। তবে ছবি প্রকাশ করা হলেও তাদের পরিচয় উল্লেখ করা হয়নি।

এর আগে বিকেলে রাজধানীর রাজারবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাযা শেষে সাংবাদিকদের বলেন, ‘নিহত পাঁচজনই পুলিশের তালিকাভুক্ত জঙ্গি সদস্য, তাদেরকে পুলিশ খুঁজছিলো।’

উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম।

এমই