মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার টানা নয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন পুলিশ কনেস্টেবল শ্রী নেপাল চন্দ্র শীল (৪৮)।
রোববার (১৯ জুন) বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নেপাল চন্দ্র চাঁদপুর হাইমচরে নৌ পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক পিযূষ।
এর আগে ১০ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জ গজারিয়া মেঘনা ব্রিজে একই দুর্ঘটনায় নিহত হন তার অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্প রায় ও এক ব্যক্তি। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে টানা নয় দিন চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা জানান, নেপাল চন্দ্র তার স্ত্রীকে নিয়ে লেগুনাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় এক ট্রাকের ধাক্কায় মারা যান তার স্ত্রী এবং লেগুনা চালক।
এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।
ওএফ





