নাটোর জেলার বড়াইগ্রামের নগর ইউনিয়নে কুজাইল, মহানন্দগাছা ও মেরিগাছা গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। সোমবার সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

কর্মকর্তারা জানান, তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য মোট ৩ দশমিক ৮৪৭ কিলোমিটার লাইন বসানো হয়েছে। মিটার দেওয়া হয়েছে ২২৬ টি।

নতুন সংযোগ দেওয়া উপলক্ষে কুজাইলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বেলাল উদ্দিন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা প্রমুখ।

১৯৮১ সালের ১২ ডিসেম্বর নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাণিজ্যিকভাবে নাটোর, রাজশাহী ও কুষ্টিয়া জেলার সাতটি উপজেলায় বিদ্যুৎ বিতরণের কাজ শুরু করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ হাজার ৮’শ ৪৯ দশমিক ৫৬৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করেছে। এর মাধ্যমে ১ লাখ ২৮ হাজার ২০৪ জন আবাসিক ও অনাবাসিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছে।
প্রতিষ্ঠানটি কৃষিকাজে সেচ সুবিধা ও কল-কারখানায় উৎপাদন সুবিধা বৃদ্ধিসহ সাত উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি, জেআই