লালমনিরহাটে ৫ দিন ধরে ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি শনিবার সকাল ৬টা থেকে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে লালমনিরহাট জেলার তিস্তা সংলগ্ন বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের পানিবন্দি পরিবারগুলো গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন।
এ ছাড়া ভারি বর্ষণে জেলার ছোট-বড় সব কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চলের হাজার হাজার বিঘা জমির সদ্য রোপন করা আমন ধান, সবজিসহ নানা ফসল ও রাস্তা-ঘাট তলিয়ে গেছে।
উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, ডাউয়াবাড়ী, সিঙ্গীমারী, পাটিকাপাড়া, সিন্দুর্না, কালীগঞ্জের কাকিনা, তুষভাণ্ডার, আদিতমারীর মহিষখোচা, সদর উপজেলার গোকুণ্ডা, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়ন তিস্তা নদী সংলগ্ন হওয়ায় কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার কয়েক হাজার পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে।
ডালিয়া (দোয়ানী ব্যারেজ) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে।
এমএনজে





