পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দু'জন নিহত ও গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন আটক হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর বড়ইচড়া চালের মোকামে এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাবের দাবি, নিহত ও আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহার করা ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক বীনা রানী দাস জানান, আন্তঃজেলা ডাকাতদলের ৩০/৩৫ সদস্য তিনটি ট্রাকে করে জয়নগর বড়ইচড়া এলাকায় উত্তরাঞ্চরের অন্যতম বৃহৎ চালের মোকাম 'বাদশা রাইচ মিলে' ডাকাতি করতে আসে।

গোপন খবরে ঘটনাস্থলে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ছয়জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দু'জন নিহত হন। পরে গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৪ জন এবং সকাল ৭টার দিকে স্থানীয় লিচু বাজার থেকে আরও একজনকে আটক করে র‌্যাব।

ডাকাতদের ব্যবহার করা ২টি রিভলবার, ১টি পিস্তল এবং চালবোঝাই দু'টি ট্রাক উদ্ধার করা হয়।র‌্যাব কর্মকর্তা আরও জানান, হতাহতদের বাড়ি ময়মনসিংহে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো এবং আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেড