চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ে গাছ থেকে মো. নাজিম (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার সকালে উপজেলার তিন নম্বর মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনি থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। 

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে পাহাড়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিএনজি অটোরিকশাচালক নাজিম। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লাশটি উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আকরামুল হক যুগান্তরকে বলেন, বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিবাহ করেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্তে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।

এমআর