জেলার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নে শনিবার দুপুর ১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহ আলম (৩৫), হাফিজুল (২৭), খুরশেদ আলম (২৮), লাভলী বেগম (২৫), রাহিম (২২), রাকিব (১৮)। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলা পরিষদের নারী সদস্য আমোদা বেগম ইউনিয়ন পরিষদের প্রায় এক লাখ টাকায় একটি পুকুরের রিটার্নিং দেয়ালের সংস্কার কাজ পান।

এই কাজ নিয়ে শুক্রবার সকালে একই ইউনিয়নের মুগলটুলী গ্রামের শহীদ মিয়া ও মাখন মিয়ার সঙ্গে নালী মেম্বর ও তার অনুসারীদের বাকবিতণ্ডা হয়। রাতে বিষয়টি স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করা হয়।

পরদিন শনিবার দুপুরে মুগলটুলী গ্রামের শহীদ মিয়া ও মাখন মিয়ার সমর্থকরা হালুয়াপাড়া গ্রামের লোকজনদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৯ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমকে