গোপালগঞ্জে এক শ্রমিককে হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (১২ এপ্রিল) শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এমদাদুল হক সদর উপজেলার ঘোরাদাইড় গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিহত ইমদাদুল হক এমএসবিআই নামে এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্বৃত্তরা তাকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হাত-পা বেঁধে শরীরে আগুন দিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, নিহত এমদাদুল হককে কেন হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এমবি





