কক্সবাজার জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আলম (৬৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

অসুস্থ অবস্থায় ওই কয়েদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. সায়েদ হোসেন।

মৃত্যু হওয়া কয়েদি মোহাম্মদ আলম (৬৯) টেকনাফ পৌর এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম জানান, গুরুতর অসুস্থ অবস্থায় মোহাম্মদ আলমকে হাসপাতালে আনা হলে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। শরীরে প্রচণ্ড জ্বর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জেল সুপার মো. সায়েদ হোসেন জানান, মৃত কয়েদি মোহাম্মদ আলম নারী ও শিশু নির্যাতন মামলায় ১৯৯৭ সাল থেকে কারাগারে ছিলেন এবং ২০০৩ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।

এসএইচ