করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯২২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৩০১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ৩৫০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের ০৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

মৃত ১০১ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ১৮ এবং ষাটোর্ধ্ব ৬৫ জন রয়েছেন।

বিভাগওয়ারী অনুযায়ী মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে একজন, খুলনায় পাঁচজন, সিলেটে আটজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।

এমবি